✅ "বৈদিক শান্তি-যজ্ঞ" — বাংলাদেশ অগ্নিবীর মুন্সিগঞ্জ জেলা স্বাধ্যায় চক্র🙏🕉️
▪️পরম করুণাময় ঈশ্বর তথা বিশ্ববিধাতার অসীম কৃপায় এবং অমৃতের সন্তানগণের আন্তরিক সহযোগিতায় গত ২৬শে জুন ২০২৬ ইং, রোজ শুক্রবার বিশ্ব মানবতার কল্যাণ কামনায় মুন্সিগঞ্জের সিরাজদিখান থানাধীন ছোট পাউলদিয়া গ্রামস্থ শ্রী লক্ষ্মণ নাথ বাবুর বাড়িতে (কাউন্সিল অফিসের পাশে) "বাংলাদেশ অগ্নিবীর" ঢাকা বিভাগীয় শাখার অন্তর্ভুক্ত "মুন্সিগঞ্জ জেলা স্বাধ্যায় চক্র" কর্তৃক আয়োজিত "বৈদিক শান্তি-যজ্ঞ" অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ ও আধ্যাত্মিক আবহে সফলভাবে সম্পন্ন হয়েছে।
☑️ জাগতিক অশান্তি, মহামারী ও কলুষতা দূর করে বিশ্ব চরাচরে পরম শান্তি, মৈত্রী ও সাম্যের সুবাতাস ছড়িয়ে দেওয়ার মহান সংকল্প নিয়ে এই পুণ্যময় ধর্মানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সপরিজন ও সবান্ধব অগণিত পুণ্যার্থীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং ভক্তিঘন সমাগম সমগ্র অনুষ্ঠানস্থলকে এক দিব্য ও পবিত্র তীর্থভূমিতে রূপান্তরিত করেছিল।
🗓️ আধ্যাত্মিক নিয়মনিষ্ঠার মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রতিটি পর্ব উদযাপিত হয়েছে। সকাল ১১:৩০ মিনিটে পবিত্র বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে "বৈদিক শান্তি-যজ্ঞ"-এর শুভ সূচনা ঘটে, যেখানে অগ্নিহোত্রের মাধ্যমে বিশ্ব ব্রহ্মাণ্ডের কল্যাণে আহূতি প্রদান করা হয়। অনুষ্ঠানটিতে প্রধান পৌরোহিত্য করেন পরম শ্রদ্ধেয় শ্রী উদয়ন সরকার, যাঁর শাস্ত্রীয় ও নিষ্ঠাপূর্ণ পরিচালনা যজ্ঞকর্মকে সর্বাঙ্গীণ সুন্দর করে তোলে। যজ্ঞের সেই পবিত্র অগ্নিশিখা এবং বেদধ্বনির রেশ কাটতে না কাটতেই দুপুর ১টায় শুরু হয় সামূহিক "বেদ, উপনিষদ ও গীতা পাঠ"। এই পর্বে পরমেশ্বর ভগবানের মুখনিঃসৃত বাণী ও সনাতন ঋষিদের দিব্য উপলব্ধির সুধা পাঠ করে শোনান যথাক্রমে পরম শ্রদ্ধেয় শ্রী বিজয় দেবনাথ এবং শ্রী প্রশান্ত মন্ডল। তাঁদের সুমধুর ও শুদ্ধ উচ্চারণে উপস্থিত ভক্তবৃন্দের হৃদয়ে এক অলৌকিক প্রশান্তি নেমে আসে।
🎙️ তারপর শুরু হয় অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় পর্ব "বিশেষ আলোচনা"। বর্তমান অস্থির ও জড়বাদী সমাজে সনাতন শাস্ত্রের প্রাসঙ্গিকতা নিয়ে অত্যন্ত চমৎকার দিক-নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হয়। তাত্ত্বিক ও জীবনমুখী বিষয়ে শাস্ত্রীয় প্রমাণের আলোকে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আলোকপাত করেন আলোচক শ্রী সন্দ্বীপ সরকার, শ্রী আদিত্য কুমার নীল, শ্রী উদয়ন সরকার। তাঁদের পাণ্ডিত্যপূর্ণ ও জীবনমুখী আলোচনায় অত্যন্ত প্রাঞ্জল ভাষায় উঠে আসে— "ঈশ্বরের বৈশিষ্ট্য, জন্মান্তর ও কর্মফল, আধুনিক যুগে বেদের প্রয়োজনীয়তা এবং বৈদিক বিজ্ঞান"। এই মহৎ তত্ত্বসমূহ শ্রবণ করে সমাগত সুধী ও ভক্তমণ্ডলী গভীরভাবে ঋদ্ধ হন।
📜জ্ঞানগর্ভ এই আলোচনা শেষে দুপুর ২:৩০ মিনিটে উপস্থিত সুধীজন ও তরুণ প্রজন্মের মাঝে সনাতন ধর্মের চেতনা ছড়িয়ে দিতে একটি বিশেষ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী পর্বের আয়োজন করা হয়। এই প্রাণবন্ত পর্বে প্রতিযোগীদের মাঝে যেমন শাস্ত্রীয় জ্ঞানের প্রকাশ ঘটে, তেমনই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে তাঁদের উৎসাহ প্রদান করা হয়।
📍জ্ঞানগর্ভ এই আলোচনা শেষে দুপুর ৩টায় উপস্থিত সকল স্তরের ভক্ত ও পুণ্যার্থীদের মাঝে পরম তৃপ্তিসহকারে "যজ্ঞাবশিষ্ট অন্ন (মহাপ্রসাদ) প্রদান" করা হয়।
🙏 এই মহতী ধর্মানুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার পেছনে যাঁরা অক্লান্ত শ্রম দিয়েছেন, আর্থিক ও মানসিক সহযোগিতা করেছেন এবং দূর-দূরান্ত থেকে এসে যজ্ঞের অংশীদার হয়েছেন, "বাংলাদেশ অগ্নিবীর মুন্সিগঞ্জ জেলা স্বাধ্যায় চক্র"-এর পক্ষ থেকে তাঁদের সকলের প্রতি আমরা চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে, আমরা পরম পিতা পরমেশ্বরের চরণে প্রার্থনা করি, এই যজ্ঞের পবিত্র অনল যেন আমাদের অন্তরের সকল সংকীর্ণতা দূর করে বিশ্বমানবতার কল্যাণ সাধন করে। একই সাথে এই মহৎ যজ্ঞে উপস্থিত এবং পরোক্ষভাবে যুক্ত থাকা সমস্ত অমৃতের সন্তান ও ভক্তকুলের কাছে আমরা সশ্রদ্ধ আশীর্বাদ ও প্রার্থনা কামনা করছি, যেন আগামী দিনেও আমরা এভাবেই সত্য, ধর্ম এবং সমাজ সংস্কারের পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি।
🙏ঈশ্বর সকলের মঙ্গল করুন🙏
ও৩ম্ শান্তি! শান্তি!! শান্তি!!!
বিনয়াবনত,
বাংলাদেশ অগ্নিবীর, মুন্সিগঞ্জ জেলা “স্বাধ্যায় চক্র”
বাংলাদেশ অগ্নিবীর ঢাকা বিভাগীয় শাখা




























